
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন শিবচর উপজেলা প্রশাসন। ক্রেতা সেজে ছদ্মবেশে বাজার ঘুরে হঠাৎ অভিযানে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানে অতিরিক্ত দাম, ওজনে কম দেওয়া ও অনিয়মের দায়ে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে বোরকা পরে সাধারণ ক্রেতার ছদ্মবেশে শিবচর পৌর বাজারে প্রবেশ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। মাছ, মাংস, ফল ও মুদিদোকানসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি পণ্যের দাম, ওজন ও মান যাচাই করেন। পর্যবেক্ষণে একাধিক অনিয়ম ধরা পড়লে পরে তিনি পরিচয় প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কারচুপি এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রিসহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
অভিযান চলাকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহায়তা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “রমজানে বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত দাম আদায়ের কোনো সুযোগ নেই। আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অনিয়ম পেয়ে অভিযান চালাই। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন ক্রেতারা।
