
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।
এ মামলায় মোট ৩০ জনকে আসামি করা হলেও বর্তমানে ছয়জন কারাগারে এবং বাকি ২৪ জন পলাতক রয়েছে। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র অবস্থায় দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের বুকে গুলি চালানো হয়, যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।
মানবতাবিরোধী এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ৬ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। চলতি বছরের জানুয়ারিতে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।
এই রায়ের মাধ্যমে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
