
সেলিনা হায়াৎ আইভী-কে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয় এবং ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় তিনি জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেই জামিনও স্থগিত করা হয়।
এদিকে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
সর্বশেষ হাইকোর্টের এই আদেশে ওই দুটি মামলায় আইভীর জামিন নিশ্চিত হলো।
