ইনুকে ‘টেনশন না করতে বলা’ পুলিশ সদস্যদের দায়িত্ব থেকে সরাল ট্রাইব্যুনাল

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ ঘন্টা আগে
 ইনুকে ‘টেনশন না করতে বলা’ পুলিশ সদস্যদের দায়িত্ব থেকে সরাল ট্রাইব্যুনাল

হাসানুল হক ইনু-কে আদালতে নেওয়ার সময় শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত দুই কনস্টেবল হলেন মো. জামাল হোসেন ও মো. সোলাইমান হোসেন। চিঠিতে বলা হয়, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধ মামলায় হাজিরা শেষে হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় ওই দুই পুলিশ সদস্য তাকে “টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার” বলে মন্তব্য করেন। বিষয়টি ধারণকৃত ভিডিও ফুটেজে ধরা পড়ে, যা বিচারিক পরিবেশ ও নিরাপত্তা প্রক্রিয়ার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাদের নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বর্তমানে বিচারাধীন রয়েছেন হাসানুল হক ইনু। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • ইনুকে ‘টেনশন না করতে বলা’ পুলিশ সদস্যদের দায়িত্ব থেকে সরাল ট্রাইব্যুনাল