
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই রাজনৈতিক অঙ্গনে বড় চমক দেখাচ্ছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়-এর নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। প্রাথমিক ফলাফলে ডিএমকে ও এআইএডিএমকে-এর মতো দীর্ঘদিনের প্রভাবশালী দলগুলোকে পেছনে ফেলে এককভাবে এগিয়ে রয়েছে দলটি।
সোমবার সকাল ৮টা থেকে ২৩৪টি আসনে ভোট গণনা শুরু হয়। প্রথমে ডাকযোগে দেওয়া পোস্টাল ব্যালট গণনায় ভালো ফল পায় টিভিকে। নিজের প্রথম নির্বাচনী লড়াইয়েই শক্ত অবস্থান তৈরি করেছেন বিজয়। তিনি তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর—এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে তিরুচিরাপল্লি পূর্ব আসনে প্রথম দফার গণনা শেষে তিনি এগিয়ে রয়েছেন।
টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, কোনো জোট ছাড়াই সরকার গঠনে তারা আত্মবিশ্বাসী। এবারের নির্বাচনে দলটি এককভাবে অংশ নিয়েছে, যেখানে একদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি-নেতৃত্বাধীন এনডিএ জোট, অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে ও ভারতীয় জাতীয় কংগ্রেস-এর জোট।
তিরুচিরাপল্লি পূর্ব আসনে ডিএমকের প্রার্থী ইনিগো ইরুদয়ারাজ প্রাথমিক গণনায় পিছিয়ে রয়েছেন। এছাড়া তিরুচিরাপল্লি পশ্চিমে জি রামামূর্তি, শ্রীভাইকুন্তমে সেন্টিল কুমার এন, তিরুভোত্তিয়ুরে সারাভানন জি এবং রাধাপুরামে সাথিশ ক্রিস্টোফারের মতো টিভিকে প্রার্থীরাও বিভিন্ন আসনে এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছেন।
টিভিকে’র অংশগ্রহণে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যেখানে এতদিন মূল লড়াই ছিল ডিএমকে ও এআইএডিএমকে জোটকে ঘিরে।
রাজধানী চেন্নাইসহ বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে শুরু হয়ে সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে ফলাফল হালনাগাদ করা হচ্ছে।
