শাহজাদপুরে খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি, হত্যা-ডাকাতির হুমকিতে আতঙ্ক

শাহজাদপুরে খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি, হত্যা-ডাকাতির হুমকিতে আতঙ্ক
শাহজাদপুরে খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি, হত্যা-ডাকাতির হুমকিতে আতঙ্ক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে ঘরের দরজা খোলা রাখার নির্দেশ দিয়ে অমান্য করলে ‘জিন্দা খালাস’ করার ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৫ মে) রাতে স্থানীয় খামারি মো. আমজাদ হোসেন শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের দাবি, গত পাঁচ দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫টি বাড়িতে একই ধরনের হুমকিমূলক চিঠি পৌঁছেছে।

খামারি হাজী রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন, আজাদুল ইসলাম ও সানোয়ার হোসেন জানান, রাতের আঁধারে বাড়িতে রক্তমাখা চিঠি রেখে যাচ্ছে দুর্বৃত্তরা। চিঠিতে লেখা রয়েছে— “কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস। ইতি— রঘু ডাকাত।”

স্থানীয়রা জানান, এরই মধ্যে আশপাশের কয়েকটি এলাকায় চেতনানাশক স্প্রে করে ডাকাতির ঘটনাও ঘটেছে। সামনে কোরবানির ঈদ হওয়ায় গরুর খামারিদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। গ্রামের অধিকাংশ পরিবার গরু লালনপালনের সঙ্গে জড়িত এবং ঈদের আগে এসব গরু বিক্রি করেই জীবিকা নির্বাহ করে।

টেকুয়াপাড়া গ্রামের মিলন সংঘ ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “রক্তমাখা চিঠির ঘটনায় পুরো গ্রাম আতঙ্কে রয়েছে। সন্ধ্যার পর বাজার ও রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। ক্লাবের সদস্যরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।”

পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পুলিশ ও গ্রামবাসী যৌথভাবে রাতের পাহারায় অংশ নিয়েছে বলেও জানা গেছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, বিষয়টি জানার পরপরই থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ডাকাত বা দুর্বৃত্তকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ