হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক, হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের কড়া নির্দেশনা
দেশে হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আবশ্যিকভাবে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। পাশাপাশি কোনো হাসপাতাল যেন হামের রোগী ফিরিয়ে না দেয়, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
এছাড়া হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগীদের পরিদর্শনে যেতে হবে বলেও জানানো হয়।
সংক্রমণ নিয়ন্ত্রণে দর্শনার্থীদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সচেতনতা ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
