“সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত” — নাসীরুদ্দীন পাটওয়ারী
সীমান্ত হত্যা বন্ধ করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ‘ডিস্টার্ব’ করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা গেলে সীমান্ত হত্যা বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “ভারতের বর্বর ও খুনি বাহিনী আমাদের খাদিমুলকে শহীদ করেছে। সীমান্তে পরিকল্পিতভাবে হত্যা চালানো হচ্ছে। যুবসমাজকে ধ্বংস করতে মাদক ও ইয়াবা বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।”
বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে প্রতিটি ‘সীমান্ত-শহীদ’ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি আরও বলেন, “সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তবে জনগণ বিকল্প নেতৃত্বের দিকে তাকাবে।”
