প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ট্রেন ভাড়ায় ২৫% ছাড়, কার্যকর সোমবার থেকে

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ট্রেন ভাড়ায় ২৫% ছাড়, কার্যকর সোমবার থেকে

দেশের রেল পরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।

রোববার (২৪ মে) এ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা বাংলাদেশ রেলওয়েকে পাঠানো হয়েছে। নতুন এই সুবিধা আগামীকাল সোমবার (২৫ মে) থেকে দেশব্যাপী কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা এই বিশেষ ছাড় সুবিধা পাবেন। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এজন্য যাত্রীকে রেলওয়ের ই-টিকেটিং প্ল্যাটফর্ম রেলসেবা–এ নিবন্ধিত থাকতে হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ও স্টেশন কাউন্টার—উভয় মাধ্যম থেকেই ছাড়ের টিকিট সংগ্রহ করা যাবে। তবে এই ছাড় কেবল মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে; ভ্যাট ও সার্ভিস চার্জ আগের নিয়মেই দিতে হবে। একজন প্রবীণ ব্যক্তি প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

কোনো প্রবীণ ব্যক্তি সহযাত্রী নিয়ে ভ্রমণ করলে সহযাত্রীর জন্য সাধারণ ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি প্রবীণ হন এবং নিজস্ব মোবাইল নম্বরে ভেরিফায়েড থাকেন, তাহলে প্রতি বুকিংয়ে একজন অতিরিক্ত প্রবীণও ছাড় সুবিধা পাবেন।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও এই সুবিধার আওতায় থাকবেন। আন্তঃনগর ট্রেনের শোভন বা সুলভ শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে। পাশাপাশি নতুন করে এসি শ্রেণির সব টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আপাতত এই সুবিধা শুধুমাত্র রেলওয়ের স্টেশন কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ডেটাবেজের সঙ্গে সমন্বয় করে অনলাইনেও এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে শিক্ষার্থীদের জন্য এখনো এ সুবিধা চালু হয়নি। তবে কমিউটার ট্রেনে ইউনিফাইড পরিচয়পত্র চালুর পর শিক্ষার্থীদের জন্যও ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সরকার জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে দূরপাল্লার পরিবহনে বিশেষ ছাড়ের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে প্রথম ধাপে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য এই সুবিধা বাস্তবায়ন করা হচ্ছে।

  • কার্যকর সোমবার থেকে
  • প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ট্রেন ভাড়ায় ২৫% ছাড়