সলিমপুরে হামলার ঘটনায় নিজেদের দুর্বলতার কথা মানলেন র‍্যাব মহাপরিচালক

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
সলিমপুরে হামলার ঘটনায় নিজেদের দুর্বলতার কথা মানলেন র‍্যাব মহাপরিচালক

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে কার্যকর নজরদারি নিশ্চিত করতে না পারার কথা স্বীকার করেছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের উত্তরসূরি বর্তমান ডিজি আহসান হাবীব পলাশ

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত ঘিরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

র্যাব ডিজি বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ও পুলিশের চৌকি থাকলেও নজরদারিতে কিছু দুর্বলতা ছিল। তিনি স্বীকার করেন, “ঠিকভাবে কাজ চলছিল, তবে আমরা সেভাবে মনিটর করতে পারিনি।”

তবে ইয়াসিন বাহিনী কিংবা কোনো অবৈধ দখলদারকে আর সেখানে অবস্থান করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আহসান হাবীব পলাশ বলেন, “কোনোভাবেই ইয়াসিন বাহিনী জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে পারবে না, টিকতেও পারবে না। যেভাবেই হোক তাদের উচ্ছেদ করা হবে।”

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে নতুন করে কেউ সেখানে ঘাঁটি গড়তে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, রাতের টহল জোরদার এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। কোরবানির পশুবাহী ট্রাক যেন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নেওয়া না হয়, সে বিষয়ে র্যাব সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

পাশাপাশি ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে চুরি, ছিনতাই ও অপরাধ ঠেকাতে দিন-রাত অতিরিক্ত পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক।