শেষ মুহূর্তে জমে উঠেছে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাট

শেষ মুহূর্তে জমে উঠেছে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাট
শেষ মুহূর্তে জমে উঠেছে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাট
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। কোরবানির প্রস্তুতির শেষ সময়ে জমে উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাট। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাটজুড়ে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। সকাল থেকেই উপচে পড়া মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো হাট এলাকা।

মঙ্গলবার (২৬ মে) আফতাবগঞ্জ পশুর হাট ঘুরে দেখা যায়, পছন্দের কোরবানির পশু কিনতে নানা বয়সী মানুষ ভিড় করছেন হাটে। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে দলবেঁধে। হাটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। যেন ঈদের আনন্দ আগেভাগেই ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

শুধু আফতাবগঞ্জ হাটেই নয়, নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পশুর হাটেও ছিল ক্রেতাদের ব্যাপক উপস্থিতি। কেউ পছন্দের পশু কিনে সন্তুষ্ট মনে বাড়ি ফিরছেন, আবার কেউ বেশি দামের কারণে আরও কিছুটা অপেক্ষা করার সিদ্ধান্ত নিচ্ছেন।

হাটে গরু কিনতে আসা কুশদহ ইউনিয়নের বাসিন্দা রানা মিয়া বলেন, “বাজার অনেকটাই চড়া। গরুর দাম তুলনামূলক বেশি চাওয়া হচ্ছে। তাই অনেক দরদাম করেই কিনতে হচ্ছে।”

হাট ঘুরে দেখা গেছে, ৫০ থেকে ৬০ হাজার টাকার গরুর পাশাপাশি ১ লাখ থেকে ৫ লাখ টাকার বেশি দামের গরুও উঠেছে বিক্রির জন্য। ফলে নিম্ন, মধ্য ও উচ্চবিত্ত—সব শ্রেণির ক্রেতারাই নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন।

গোলাপগঞ্জ ইউনিয়নের বিক্রেতা ওবাইদুর রহমান বলেন, “যারা এক লাখ টাকার মধ্যে কোরবানি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, তারাও এখন ৮০ থেকে ৮৫ হাজার টাকার গরু খুঁজছেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য না থাকায় মানুষের ক্রয়ক্ষমতায় প্রভাব পড়েছে।”

অন্যদিকে পার্বতীপুর উপজেলার ভোবানীপুর এলাকার খামারি আনারুল ইসলাম জানান, এ বছর দেশীয়ভাবে লালন-পালন করা গরুর চাহিদা বেশি। অনেক খামারি ও ব্যবসায়ী আশা করছেন, কোরবানির আগের এই শেষ বড় হাটে ভালো দামে পশু বিক্রি হবে।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলায় এ বছর কোরবানির জন্য মোট চাহিদা রয়েছে প্রায় ১৮ হাজার ৯৫৭টি পশুর। বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় ২৭ হাজার ৭১৪টি গরু ও ছাগল। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরের জেলাতেও পশু সরবরাহের সম্ভাবনা রয়েছে।

এদিকে ঈদকে সামনে রেখে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

সব মিলিয়ে কোরবানির ঈদকে ঘিরে নবাবগঞ্জে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত হচ্ছেন উপজেলার মানুষ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ