হারুন-আল-রশিদ: ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ জেলার অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক নজরদারি জোরদার এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও বাড়িয়ে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং জনসেবার মান উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।