ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের শাহবাজপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নীল-হলুদ রঙের একটি কার্গো ট্রাকও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—রাজশাহীর তানোর এলাকার মো. ইব্রাহিম মোল্লা (৪২), পলাশপুর এলাকার মো. মোর্শালিন ওরফে রঞ্জু (১৯) এবং হবিগঞ্জের মাধবপুরের মো. শাকিব মিয়া (২০)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার দিকে নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌনে ৮টার দিকে শাহবাজপুর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি কার্গো ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে তিন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষভাবে রাখা ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।
তবে এত বড় একটি মাদকের চালান সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে মহাসড়ক দিয়ে কীভাবে নিরাপদে এতদূর চলে এলো—এ নিয়ে প্রশ্ন উঠেছে। মাদকবিরোধী অভিযানে বাহক বা পরিবহনকারীরা আটক হলেও অনেক সময় মাদকের মূল উৎস, অর্থের জোগানদাতা ও সরবরাহকারী চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত পুরো চক্র শনাক্ত এবং চালানটির মূল সরবরাহকারী ও অর্থের জোগানদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদকের মূল উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।