ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় থেকে রুবেল ওরফে দুখু (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরের টেংকেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুখু শহরের শেরপুর গ্রামের মো. হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দুখুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, চুরি, অস্ত্র আইন, মারামারি ও বিস্ফোরক আইনে পৃথক মামলা এবং অন্যান্য অভিযোগসহ মোট ১১টি মামলা রয়েছে। এর আগেও তাঁকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুখুকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। অপরাধে জড়িত যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।