ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দালালির অভিযোগে পারভীন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে হাসপাতাল থেকে পারভীনকে আটক করা হয়। পরে তাকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং রোগী ও তাদের স্বজনদের হয়রানি থেকে মুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সাধারণ নাগরিকরা জানান, সরকারি হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়া হলে রোগী ও স্বজনদের হয়রানি এবং ভোগান্তি অনেকটাই কমবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।