আন্তর্জাতিক ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাটে বেআইনি খনি খননের একটি অভিযানের তথ্য প্রকাশ করে প্রধানমন্ত্রী সমন্বয়কারী এখতিয়ার ওয়ালি খান দাবি করেছেন যে, সেখানে একদিনেই প্রায় ৯০ কেজি সোনা উত্তোলন করা হয়েছিল। পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এখতিয়ার ওয়ালি খান বলেন, কয়েকদিন আগে কোহাটে একটি অভিযান চালানো হয় এবং সেখানে অনুসন্ধানে দেখা যায় বিপুল পরিমাণ সোনা উত্তোলন করা হয়েছে। তিনি জানান, ওই এলাকায় প্রায় ২ হাজার এক্সকাভেটর কাজ করছিল। তা দেখে মনে হচ্ছিল যেন পুরো পাকিস্তানের সমস্ত যন্ত্রপাতি কোহাটে এনে বসানো হয়েছে।
তিনি দাবি করেন, একদিনেই সেখানে ৯০ কেজি সোনা উত্তোলন করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪ হাজার কোটি রুপিরও বেশি। তিনি আরও অভিযোগ করেন, খাইবার পাখতুনখোয়া থেকে উত্তোলিত এই সোনার প্রায় ৮০ শতাংশই আফগানিস্তানে পাচার হয়ে যায়। এর ফলে বেআইনি খনি খননের কোনো সুফল স্থানীয় জনগণ বা পাকিস্তানের জাতীয় রাজস্ব তহবিল পাচ্ছে না।
এখতিয়ার ওয়ালি খান আরও জানান, খাইবার পাখতুনখোয়ার পূর্ববর্তী সরকার এই অবৈধ খনি খননের জন্য প্রায় পৌনে পাঁচশো কোটি (৪.৭৫ বিলিয়ন) রুপিতে লিজ দিয়েছিল। তিনি বলেন, সুন্দর সুন্দর স্লোগানের পেছনে কতটা অনিয়ম লুকিয়ে ছিল তা এখন স্পষ্ট হচ্ছে।
প্রধানমন্ত্রী সমন্বয়কারী অভিযোগ করেন, এই বেআইনি খনি ব্যবসা এবং সন্ত্রাসবাদের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করতেই এই অবৈধ অর্থ ব্যবহার করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, আফগান কমান্ডারদের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি ইয়ুথ কমিটি গঠিত হয়েছিল। একই সাথে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অবৈধ খনি খননে জড়িত ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করতো।
এখতিয়ার ওয়ালি খানের বক্তব্য অনুযায়ী, এই পুরো অবৈধ কর্মকাণ্ড ও সংযোগের নেপথ্য প্রধান ব্যক্তি ছিলেন সাবেক আইনমন্ত্রী আফতাব আলম।
সূত্র: urdu news

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।