অর্থনীতি ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমলেও সৌদি আরবের সঙ্গে মূল্যের ব্যবধান এখনো বেশ চোখে পড়ার মতো। বর্তমানে বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা রয়েছে। অন্যদিকে সৌদি আরবে সমপরিমাণ বা এক ভরি সোনার দাম পড়ে প্রায় ১ লাখ ২১ হাজার টাকা। ফলে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় কম দামে সোনা কেনার সুযোগটি অনেকেই কাজে লাগাতে চান।
তবে ভ্রমণের সময় ইচ্ছা অনুযায়ী যেকোনো পরিমাণ সোনা সাথে নিয়ে দেশে আসার নিয়ম নেই। এর জন্য নির্দিষ্ট কাস্টমস ব্যাগেজ রুলস বা নিয়মকানুন নির্ধারণ করা আছে। নিয়ম না মেনে অতিরিক্ত বা অনুমতি ছাড়া সোনা আনলে বিমানবন্দরে তা বাজেয়াপ্ত হওয়া সহ আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। তাই সৌদি আরব থেকে সোনা আনার আগে কিছু বিষয় স্পষ্ট জেনে রাখা জরুরি।
জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের ব্যাগেজ বিধিমালা অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম বা প্রায় ৮ দশমিক ৫৭ ভরি ওজনের সোনার গহনা সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় সাথে আনতে পারেন। তবে এই ছাড় শুধু গহনার ক্ষেত্রেই প্রযোজ্য। সোনার বার বা বিস্কুটের ওপর শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায় না এবং ১০০ গ্রামের বেশি গহনা আনলে শুল্ক পরিশোধের বিধান রয়েছে।
কারো কাছে যদি সোনার বার বা বিস্কুট থাকে, তবে ব্যাগেজ রুলস অনুসারে সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ ভরি পর্যন্ত আনা সম্ভব। কিন্তু এর জন্য প্রতি ভরিতে নির্দিষ্ট পরিমাণ সরকারি শুল্ক কর পরিশোধ করতে হয়। কাস্টমস কাউন্টারে প্রয়োজনীয় শুল্ক পরিশোধ করে সোনা ছাড়িয়ে নেওয়ার সুযোগ পান প্রবাসীরা।
সোনা কেনার সময় অবশ্যই নির্ভরযোগ্য ও নিবন্ধিত দোকান বেছে নেওয়া উচিত। সৌদি আরবে কেনাকাটার পর পাকা রসিদ সংগ্রহে রাখা বাধ্যতামূলক। এতে সোনার ওজন, ক্যারেট এবং ক্রয়ের তথ্য সঠিকভাবে উল্লেখ থাকা প্রয়োজন, যা দেশের কাস্টমসে যাচাইয়ের সময় প্রদর্শন করতে হয়।
এছাড়া দেশের বিমানবন্দরে পৌঁছানোর পর যদি শুল্কযোগ্য বা অতিরিক্ত কোনো সোনা সাথে থাকে, তবে কাস্টমস ডিক্লেয়ারেশন ফরমে তা সঠিকভাবে উল্লেখ করতে হয়। তথ্য গোপন করার চেষ্টা করলে বা অনুমতি ছাড়া অতিরিক্ত সোনা আনার চেষ্টা করা হলে তা আইনি অপরাধ হিসেবে গণ্য হয়।
সূত্র: জাগো নিউজ

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।