— বিজ্ঞাপন —

এআই ডেটা সেন্টারে বিপুল ঋণ ও বিনিয়োগ: লাভ নিয়ে অনিশ্চয়তায় বৈশ্বিক শেয়ারবাজারে উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার তৈরিতে নেওয়া ঋণের ওপর ভিত্তি করে বিপুল পরিমাণ বিনিয়োগের উপযুক্ত ও দ্রুত রিটার্ন আসবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে।
AI-Data-Centers-696×342
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৩ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার তৈরিতে বড় অংকের ঋণের ওপর নির্ভর করে যে বিপুল বিনিয়োগ করা হয়েছে, তা থেকে সময়মতো এবং পর্যাপ্ত মুনাফা আসবে কি না—তা নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ তীব্র হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এআই প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণে ব্যবহৃত ঋণের টাকা কত দ্রুত পরিশোধ করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এআই অবকাঠামো খাতে ঋণনির্ভরতা বৃদ্ধির ফলে শেয়ারবাজারে হুট করে পুনর্মূল্যায়নের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। সংস্থাটির নভেম্বর মাসের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের বড় বড় ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠানগুলোর ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ ঋণাত্মক পর্যায়ে চলে গেছে। কারণ, এআই অবকাঠামোয় তাদের যে মূলধনি ব্যয় হচ্ছে, তা কার্যক্রম থেকে আসা নগদ আয়কেও ছাড়িয়ে গেছে। ফলে এসব প্রতিষ্ঠান এখন বাইরে থেকে মূলধন ও ঋণ জোগাড়ের ওপর বেশি নির্ভর করছে।

— বিজ্ঞাপন —

গত সপ্তাহে এআই অবকাঠামো ও চিপ প্রস্তুতকারী কোম্পানিগুলোর শেয়ার ব্যাপক বিক্রির চাপের মুখে পড়ে। এ কারণে প্রযুক্তি খাতভিত্তিক মার্কিন শেয়ার সূচক নাসডাক প্রায় ১০ শতাংশ কমে যায়, যা ২০২০ সালের মার্চ মাসে মহামারির শুরুর সময় থেকে শেয়ারবাজারের অন্যতম বড় সাপ্তাহিক পতন। পাশাপাশি তাইওয়ানের চিপ প্রস্তুতকারক কোম্পানিগুলোর সূচক ১৯৯০ সালের পর সবচেয়ে বড় ধরনের পতনের মুখোমুখি হয়।

এআই খাতের শেয়ারে বড় ধরনের ধস ঠেকাতে এশীয় দেশগুলো জরুরি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। বাজার পরিস্থিতি সামাল দিতে তাইওয়ান শর্ট-সেলিং সংক্রান্ত নিয়ম কঠোর করেছে এবং মার্জিনে শেয়ার কেনার শর্ত শিথিল করেছে, যাতে দাম কমে গেলে শেয়ার বিক্রির চাপ কমে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া প্রয়োজন অনুযায়ী শেয়ারবাজারকে স্থিতিশীল করতে তহবিল ব্যবহারের ইঙ্গিত দিয়েছে এবং চীনের স্টক এক্সচেঞ্জগুলোও মার্জিন ফাইন্যান্সিংয়ের শর্ত শিথিলের ঘোষণা দিয়েছে।

বাজারকে স্থিতিশীল করার নানা উদ্যোগে কিছু ইতিবাচক প্রভাবও দেখা গেছে। এশিয়ার শেয়ারবাজারে লেনদেনের একপর্যায়ে নাসডাক ১০০ ফিউচার্স ৩ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ২ শতাংশ বেড়েছে। তাইওয়ানের শেয়ারও কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে সামগ্রিকভাবে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক একপর্যায়ে সাম্প্রতিক শীর্ষ অবস্থান থেকে প্রায় অর্ধেক কমে ১০ মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি পৌঁছেছিল। হংকং এবং চীনের শেয়ারবাজারগুলোও কয়েক মাসের সর্বনিম্ন স্তরে নেমে আসে।

এসঅ্যান্ডপি গ্লোবাল গত অক্টোবরেই সতর্ক করে বলেছিল যে বিশ্বজুড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই-সংক্রান্ত দায়ের পরিমাণ প্রকাশ্যে আসা তথ্যের চেয়েও বেশি হতে পারে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, এআই শিল্পে জড়িত কোম্পানিগুলোর মধ্যে অভ্যন্তরীণ আর্থিক লেনদেন এবং একে অপরের মালিকানা থাকা বা শেয়ার ক্রয়ের ফলে ঋণ ও রাজস্বের প্রকৃত হিসাব স্পষ্ট বোঝা কঠিন হয়ে উঠছে। কিছু এআই কোম্পানির ক্ষেত্রে চাহিদার একটি অংশ কৃত্রিমভাবে তৈরি হচ্ছে, যা সামগ্রিক রাজস্বের অনুমানের ওপর প্রশ্ন তুলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার গতি, মুনাফা অর্জনের সক্ষমতা, প্রতিযোগিতা এবং সাইবার নিরাপত্তার ঝুঁকি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ফলে বিনিয়োগকারীরা এখন ঢালাওভাবে বিনিয়োগ না করে কোম্পানিগুলোর পারফরম্যান্স বিবেচনা করছেন এবং মোটা অংকের বিনিয়োগ ভবিষ্যতে সত্যিই মুনাফায় রূপান্তরিত হবে কি না, সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন।

সূত্র: ARY News Urdu

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗