অর্থনীতি ডেস্ক: ২৬ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফে সংঘটিত সহিংসতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে, দুই ভাই ও টেকনাফ পৌরসভার এক সাবেক কাউন্সিলরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে আসামিদের হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
কারাগারে পাঠানো চার আসামি হলেন—কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান, তার দুই ছোট ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপের অংশ হিসেবে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সিলেট থেকে গ্রেপ্তারের পর বুধবার রাতে তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।