
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামে শ্বশুরবাড়ির পাশেই একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মন্টু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুবেল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি কিছুদিন ধরে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়ার মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তদন্ত চলছে।”
রুবেলের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে এখনো কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি।
বিস্তারিত তথ্যের জন্য তদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
