ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে ৮৭ কেজি গাঁজা ও একটি পিকআপসহ আশরাফুল (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপের ভেতর লুকিয়ে রাখা ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চালক আশরাফুলকে আটক করা হয়।আটক আশরাফুল কসবা উপজেলার শাহপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপটি উপস্থিত স্বাক্ষীদের সামনে আইন অনুযায়ী জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, আটককৃত আশরাফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।