চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ উপদেষ্টা: চেয়ারম্যানের অপসারণ দাবিতে উত্তাল বন্দর

লেখক: Sanjida
প্রকাশ: ৩ মাস আগে
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ উপদেষ্টা: চেয়ারম্যানের অপসারণ দাবিতে উত্তাল বন্দর

চট্টগ্রাম বন্দরে চলমান অচলাবস্থার মধ্যে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের ব্যাপক বিক্ষোভ ও তোপের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বন্দরের ৪ নম্বর ফটকের বাইরে কাস্টমস মোড় এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। উপদেষ্টা ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রাম পৌঁছে বন্দর ভবনের দিকে যাওয়ার সময় শত শত শ্রমিক তার গাড়ি বহর আটকে দেন। এ সময় আন্দোলনকারীরা বর্তমান বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে তার দ্রুত অপসারণ দাবি করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপদেষ্টাকে বন্দর ভবনে নিয়ে যান। সেখানে তিনি বর্তমানে বন্দরের চলমান সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ।

বিক্ষোভের মুখে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গাড়ি থেকে নেমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন এবং তাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “আমি দেশের ক্ষতি হোক এমন কিছু চাই না, আপনাদের সঙ্গে ওয়ান-টু-ওয়ান কথা বলে সমস্যার সমাধান করব।” এদিকে আন্দোলনরত শ্রমিকদের পক্ষে ইব্রাহীম খোকন জানান, গত দেড় বছর ধরে বন্দরের চেয়ারম্যান তাদের ওপর নানা হীন ব্যবস্থা গ্রহণ করেছেন এবং শ্রমিকদের ন্যূনতম সম্মান দেননি।

উল্লেখ্য, শ্রমিকদের লাগাতার কর্মবিরতির কারণে বৃহস্পতিবারও চট্টগ্রাম বন্দরে পুরোপুরি অচলাবস্থা বিরাজ করছে। সকাল থেকে কোনো কনটেইনার বন্দরে প্রবেশ করেনি এবং পণ্য ডেলিভারি ও জাহাজীকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে, যা দেশের প্রধান এই সমুদ্রবন্দরে বড় ধরনের বাণিজ্যিক স্থবিরতা তৈরি করেছে।

  • চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ উপদেষ্টা: চেয়ারম্যানের অপসারণ দাবিতে উত্তাল বন্দর