ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ ও লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু হবে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের মেড্ডায় সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘গত দুই দিন আমরা কর্মবিরতি পালন করেছি। আজ এসপি ও ডিসির সঙ্গে আলাদা আলোচনা হলেও কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুবজুল করিম এবং সাধারণ সম্পাদক স্বপন মিয়া।
এর আগে রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে সিএনজি মালিক-শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। গত দুইদিন কোনো অটোরিকশা স্ট্যান্ড থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।
পরে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করলেও, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লাঠি হাতে শ্রমিকদের অবস্থান অব্যাহত ছিল।