অপরাধ করলে প্রধানমন্ত্রীকেও সাধারণ নাগরিকের মতো শাস্তি পেতে হবে: চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির

লেখক: Sanjida
প্রকাশ: ২ মাস আগে
অপরাধ করলে প্রধানমন্ত্রীকেও সাধারণ নাগরিকের মতো শাস্তি পেতে হবে: চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এমন এক ইনসাফভিত্তিক সমাজ কায়েম করা হবে যেখানে অপরাধ করলে একজন প্রধানমন্ত্রীকেও সাধারণ নাগরিকের মতো সমান শাস্তি ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজ মুক্তির পক্ষে এবং একটি মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যার গর্বিত অংশীদার চাঁপাইনবাবগঞ্জ। বিগত ৫৪ বছরের শাসন ও অপশাসনে ক্লান্ত হয়ে দেশের মানুষ এখন রাজনীতির পুরোনো বন্দোবস্ত পরিবর্তন করে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়।

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই জামায়াতের লক্ষ্য।

দেশে যখন সঠিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন আর কাউকে চাঁদাবাজির শিকার হতে হবে না বরং চাঁদাবাজদের ধরে এনে দেশ গড়ার গঠনমূলক কাজে নিয়োজিত করা হবে।

দুর্নীতির পথ চিরতরে বন্ধ করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, ন্যায়বিচার ও ইনসাফ কায়েমের মাধ্যমেই একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া সম্ভব। জনসভায় তিনি উপস্থিত সাধারণ মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠার এই মিছিলে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান।

  • অপরাধ করলে প্রধানমন্ত্রীকেও সাধারণ নাগরিকের মতো শাস্তি পেতে হবে: চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির