অরুয়াইল-সরাইল সড়কে নিম্নমানের সংস্কারকাজ ও ধীরগতির প্রতিবাদে বিএনপির মানববন্ধন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার অরুয়াইল-সরাইল সড়কের নিম্নমানের সংস্কারকাজ ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২১ জুন) বিকেলে অরুয়াইল-সরাইল সড়কের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আরও উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাজহারুল হক, জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল আহমদ, সরাইল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইব্রাহীম মিয়া, এলাকাবাসীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৩-২৪ অর্থবছরে সড়কটির মেরামত কাজ শুরু হলেও এখন পর্যন্ত এর উল্লেখযোগ্য অগ্রগতি নেই। বরং যে অল্প কাজ হয়েছে, তাও অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে। ফলে সড়কটির বর্তমান অবস্থা আগের চেয়েও করুণ।

বক্তারা আরও জানান, অরুয়াইল ও আশপাশের ভাটি অঞ্চলের মানুষের সরাইল ও জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ার সাথে যোগাযোগের এটি একমাত্র সড়কপথ। রোগী পরিবহনসহ যেকোনো জরুরি প্রয়োজনে এই রাস্তায় চলাচল এক কঠিন দুর্ভোগে পরিণত হয়েছে। এমনকি সুস্থ মানুষও এ রাস্তায় চলাচল করে অসুস্থ হয়ে পড়ছেন।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানিয়ে বলেন, কালিশিমুল থেকে ভুইশ্বর পর্যন্ত অসমাপ্ত সংস্কারকাজ দ্রুত ও গুণগত মান নিশ্চিত করে সম্পন্ন করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য করা হবে।

মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, শুধুমাত্র টেন্ডার দিলেই উন্নয়ন সম্ভব নয়। সংশ্লিষ্ট সড়ক বিভাগকে সক্রিয় তদারকিতে রাখতে হবে। দুর্ভাগ্যজনকভাবে, সড়ক বিভাগে কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন, যারা মাঠে না গিয়ে অফিসেই সমঝোতা করে ফেলেন। এতে সরকারের বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হয় না এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। ফলে ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশ।

এলাকাবাসীর এই মানববন্ধন সরকারের প্রতি বার্তা দিচ্ছে— উন্নয়ন কাজের মান বজায় না রেখে আর কালক্ষেপণের সুযোগ নেই।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ