অস্ত্র ও মাদকসহ মাগুরায় সাবেক ছাত্রদল নেতা আটক

লেখক: মোঃশরিফ মিয়া
প্রকাশ: ১০ মাস আগে

স্টাফ রিপোর্টার,মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার ভিটাসাইর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাগুরা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. সাফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আবু তাহের সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি সংঘবদ্ধ পরিকল্পনা করছে। এর আগেও তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে সে একটি বিক্ষোভ মিছিলের আয়োজনের পরিকল্পনা করে এবং এ জন্য কিছু লোক ভাড়া করেছিল বলেও তথ্য ছিল।

পরে সেনাবাহিনী ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ অভিযানে তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়। উদ্ধার করা পিস্তল ও গুলি বাড়ির সীমানাপ্রাচীরের ওপর লাল ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

আটককৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।