
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও সিসি ক্যামেরাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার তথ্য অনুযায়ী, বুধবার (১০ জুন ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত আখাউড়া সড়ক বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আখাউড়া পৌর ভবনের পশ্চিম পাশে অবস্থিত মো. দুলাল মিয়ার নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে মো. দুলাল মিয়া (৪১), মো. সরল (২৯), মো. রুবেল (৩৯), মো. বাবু মিয়া (৩২) ও মো. রবিউল ইসলাম (২২)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং দুটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
