
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে এক তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনায় জনি মিয়া (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় স্টেশন এলাকায় স্বস্তি ফিরলেও যাত্রীদের মাঝে সচেতনতার বার্তা জোরদার হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আখাউড়া রেলওয়ে জংশনে অবস্থানকালে ওই তরুণীকে উত্ত্যক্ত করে জনি মিয়া। বিষয়টি নজরে এলে দ্রুত রেলওয়ে পুলিশ তাকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, নারীদের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো ধরনের হয়রানি বা উত্ত্যক্তের ঘটনা বরদাস্ত করা হবে না।
রায় ঘোষণার পর দণ্ডিতকে রেলওয়ে পুলিশের হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এমন তৎপরতা প্রশংসা করেছেন সাধারণ যাত্রীরা।
