“আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার স্থান”—প্রধানমন্ত্রী তারেক রহমান

লেখক: Arisha Eme
প্রকাশ: ৫ ঘন্টা আগে
“আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার স্থান”—প্রধানমন্ত্রী তারেক রহমান

বিচারব্যবস্থাকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আদালত হয়রানির জায়গা নয়, বরং মানুষের ন্যায়বিচারের আশ্রয়স্থল।”

সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে বিচারব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল এবং আইনের অপপ্রয়োগের মাধ্যমে মানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ই-বেইলবন্ড কার্যক্রম চালুর ফলে জামিন প্রক্রিয়ায় হয়রানি কমবে এবং সাধারণ মানুষ দ্রুত বিচারিক সেবা পাবে।

গণতন্ত্র প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসন শেষে জনগণের ভোটে প্রতিষ্ঠিত বর্তমান সরকার মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর ফিরে না আসে, সে জন্য আইন, বিচার ও প্রশাসনের মধ্যে সমন্বয় জরুরি।

এ সময় বগুড়া কোর্ট ভবনের উন্নয়নে ১৫ লাখ টাকা এবং লাইব্রেরির জন্য ৫ লাখ টাকা—মোট ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এর আগে তিনি নবনির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি ই-বেইলবন্ড কার্যক্রম চালু করেন। একইসঙ্গে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণাও দেন, যা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত পৌরসভার জন্য একটি নতুন মাইলফলক।

সফরের অংশ হিসেবে তিনি গাবতলী উপজেলা-র বাগবাড়ী গ্রামে পৈতৃক ভিটা পরিদর্শন, জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন প্রকল্প উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

  • “আদালত হয়রানির জায়গা নয়
  • মানুষের আস্থার স্থান”—প্রধানমন্ত্রী তারেক রহমান