আন্তর্জাতিক ডেস্ক: ২৭ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
সৌদি আরবে কর্মরত পাকিস্তানি সহ অন্যান্য বিদেশি কর্মীদের চাকরি শেষ হওয়ার পর প্রাপ্য ফাইনাল সেটেলমেন্ট বা এন্ড অব সার্ভিস বেনিফিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিবরণ প্রকাশ্যে এসেছে। সৌদি শ্রম আইন অনুযায়ী, একজন কর্মী চাকরি শেষ করার সময় তার চাকরির বয়স এবং মূল বেতনের ভিত্তিতে এই আর্থিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন।
পাকিস্তানের বিউরো অব ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি শ্রম আইন অনুসারে প্রথম পাঁচ বছরের চাকরির জন্য প্রতি বছরের বিপরীতে কর্মীকে আধা মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সুবিধা হিসেবে দেওয়া হয়।
একই আইন অনুযায়ী, কোনো কর্মী যদি একই প্রতিষ্ঠানে পাঁচ বছরের বেশি সময় চাকরি করেন, তবে পাঁচ বছরের পরবর্তী প্রতিটি অতিরিক্ত বছরের জন্য তাকে পূর্ণ এক মাসের বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হয়।
তবে কর্মী যদি নিজে থেকে পদত্যাগ করেন, সেক্ষেত্রে এই সুবিধার হার চাকরির মেয়াদের ওপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। দুই থেকে পাঁচ বছর চাকরি করার পর পদত্যাগ করলে কর্মী তার মোট প্রাপ্য আর্থিক সুবিধার এক-তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ পাবেন।
পাঁচ থেকে দশ বছর পর্যন্ত চাকরি সম্পন্ন করার পর পদত্যাগ করা হলে কর্মী মোট প্রাপ্য সুবিধার দুই-তৃতীয়াংশ পাওয়ার যোগ্য হবেন। আর দশ বছরের বেশি সময় চাকরি করার পর পদত্যাগ করলেও কর্মীকে সম্পূর্ণ এন্ড অব সার্ভিস বেনিফিট প্রদান করা হয়।
বিউরো থেকে প্রাপ্ত তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগকর্তা বা কফিলের পক্ষ থেকে সৌদি শ্রম আইনের লঙ্ঘন বা কোনো অন্যায়ের কারণে যদি কর্মী চাকরি ছাড়তে বাধ্য হন, তবে চাকরির মেয়াদ যা-ই হোক না কেন, তিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাওয়ার অধিকার রাখবেন।
পাকিস্তান বিউরো অব ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট কর্মী, অভিবাসী এবং ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রমোটারদের নির্দেশ দিয়েছে যে, চাকরি ছাড়ার সময় বা ফাইনাল সেটেলমেন্টের মুহূর্তে মোট চাকরির মেয়াদ ও মূল বেতন বিবেচনা করে যেন হিসাব সঠিকভাবে করা হয়।
কর্মী ও অভিবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, ফাইনাল সেটেলমেন্টের নথিপত্রে কোনো অস্পষ্টতা বা মতবিরোধ থাকলে তা ভালোভাবে যাচাই ও নিশ্চিত না করে যেন কোনো চুক্তিপত্র বা চূড়ান্ত নথিতে স্বাক্ষর না করা হয়, যাতে তারা নিজেদের আইনি আর্থিক অধিকার থেকে বঞ্চিত না হন।
সূত্র: urdu news

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।