আন্তর্জাতিক ডেস্ক: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের বিরুদ্ধে। হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের মধ্যেই নতুন করে তার অধস্তন এই নারী কর্মকর্তার নাম সামনে এসেছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৬৩ বছর বয়সী হুয়াংয়ের অধীনে সরাসরি কাজ করা প্রায় ৬০ জন শীর্ষ কর্মকর্তার একজন পাওয়েল। এনভিডিয়ার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ৪৮ বছর বয়সী পাওয়েল ২০০৮ সালে কোম্পানিতে যোগ দেন এবং বর্তমানে এনভিডিয়ার বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তার নেতৃত্বাধীন বিভাগটি চিকিৎসা চিত্রায়ণ, জীববিজ্ঞান, ওষুধ আবিষ্কার এবং স্বাস্থ্যসেবা বিশ্লেষণে এআই, উচ্চক্ষমতার কম্পিউটিং ও ভিজ্যুয়ালাইজেশন প্রযুক্তির ব্যবহারে কাজ করে।
পাওয়েল এনভিডিয়ায় যোগ দেওয়ার পর ধাপে ধাপে পদোন্নতি পান। শুরুতে মেডিকেল ইমেজিং যন্ত্রপাতিতে প্রতিষ্ঠানটির গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠার দায়িত্ব পালনের পর ২০১৬ সালে এআই ব্যবসা উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হন। ২০১৭ সালের শেষ দিকে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। এর আগে উচ্চশিক্ষা ও গবেষণা খাতের ব্যবসার পাশাপাশি এনভিডিয়া এআই ল্যাবস ও এনভিডিয়া ইনসেপশনের মতো কৌশলগত কর্মসূচির নেতৃত্বে ছিলেন তিনি। এর পূর্বে ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত ডোম ইমেজিং সিস্টেমসে হার্ডওয়্যার প্রকৌশলী এবং পরবর্তীতে প্ল্যানার সিস্টেমসের মেডিকেল বিভাগে পাঁচ বছরের বেশি সময় কাজ করেন পাওয়েল।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে অংশ নেওয়া পাওয়েলকে গত মার্চে সান হোসেতে আয়োজিত জিটিসিতে বক্তব্য দিতে দেখা যায়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই সম্মেলন চলাকালে সান হোসের একটি কাছের হোটেলে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে বলে তিন ব্যক্তি দাবি করেছেন। এক পথচারী তাদের ছবি তুললে হুয়াংয়ের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে একটি গোপনীয়তা রক্ষার চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে হুয়াং ও পাওয়েল দুজনই বিবাহিত।
পাওয়েলের আগে সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের জ্যেষ্ঠ নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গেও জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশ পায়। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, ২০২৪ ও ২০২৫ সালে তাইপেতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। মার্কিন গোয়েন্দা স্মারকলিপিতে অ্যালিসকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের গোয়েন্দা সম্পদ হিসেবে উল্লেখ করা হলেও তার সঙ্গে জেনসেনের পারিবারিক কোনো সম্পর্ক নেই। সম্প্রতি কর্মীদের পাঠানো এক বার্তায় জেনসেন হুয়াং স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন।
এসব একের পর এক অভিযোগে এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের প্রধান নির্বাহী পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিচালন পর্ষদ তার ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে এবং তাকে বরখাস্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। ইতোমধ্যে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের তথ্য গোপন রাখার অভিযোগে শেয়ারহোল্ডাররা মামলা দায়ের করেছেন এবং সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দামেও বড় পতন দেখা গেছে।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।