কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন।
পোস্টে কবির আহমেদ ভূঁইয়া প্রস্তাবিত বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থাপনের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা যেতে পারে। এতে প্রায় ৮৯ লাখ মানুষ বিভাগীয় প্রশাসনিক সুবিধার আওতায় আসবেন বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে পোস্টে বলা হয়, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তিন জেলার মোট জনসংখ্যা ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জন। প্রস্তাবিত বিভাগে তিনটি জেলার ৩১টি উপজেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর সম্মিলিত আয়তন আনুমানিক ৭ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি বলে পোস্টে উল্লেখ করা হয়।
বিভাগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা একসঙ্গে কাজে লাগানো গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের সরকারি সেবা গ্রহণ সহজ হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে।
প্রস্তাবিত বিভাগীয় কাঠামোতে ব্রাহ্মণবাড়িয়াকে সদর দপ্তর করার পক্ষে যুক্তি দিয়ে তিনি জেলার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পাঞ্চল, আখাউড়া স্থলবন্দর এবং ঢাকা-চট্টগ্রাম রেল ও সড়ক যোগাযোগের বিষয়গুলো তুলে ধরেন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দিয়েও আলোচনায় আসেন কবির আহমেদ ভূঁইয়া। তাঁর প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো—রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। চিঠিতে প্রস্তাবটির বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়। জানা যায়, কবির আহমেদ ভূঁইয়া ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ বিষয়ে আবেদন করেন। এর পরদিন ৯ সেপ্টেম্বর প্রতিবেদন চেয়ে চিঠি জারি করা হয়।
তবে নতুন উপজেলা গঠনের এ প্রস্তাবকে কেন্দ্র করে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়। প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এসব কর্মসূচি থেকে কবির আহমেদ ভূঁইয়ার প্রস্তাবের সমালোচনা করেন আন্দোলনকারীরা।
একদিকে নতুন উপজেলা গঠনের প্রস্তাব, অন্যদিকে সেই প্রস্তাব নিয়ে স্থানীয়দের প্রতিবাদ—এমন পরিস্থিতির মধ্যেই এবার তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি তুললেন বিএনপির এই নেতা।
পোস্টের শেষাংশে কবির আহমেদ ভূঁইয়া উল্লেখ করেন, তাঁর এ প্রস্তাবের সঙ্গে অন্যদের দ্বিমত থাকতে পারে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি মনে করেন, তিন জেলার সমান মর্যাদা, উন্নয়নের সুযোগ ও সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠন করা প্রয়োজন।
তিনি তাঁর এ বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।