কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ দিন আগে
কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার পূর্ব ফাতের ঘোনা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতের এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত গৃহবধূ ফারজানা (২০) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবু নগর এলাকার এজাহার মিয়ার মেয়ে এবং বাশঁখালী এলাকার ইমনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার মইন উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

নিহতের মা নাছিমা আক্তার জানান, ফারজানা কিছুদিন আগে তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে স্বামী ইমনকে দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল এবং ঘটনার দিন তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাত ৮টার দিকে ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পান তারা।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা না আত্মহত্যা—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমন পলাতক রয়েছেন। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

  • কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • স্বামী পলাতক