ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার (এসপি) মুঃ জালাল উদ্দিন ফাহিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব একটি সুসংগঠিত সংগঠন। এ ক্লাবকে দেখে অন্যান্য সংগঠনেরও শেখার আছে। জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে অতি শিগগিরই কাজ শুরু করা হবে।
তিনি বলেন, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করা হবে। এসব মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে। তাই অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদক সমস্যা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। মাদকসেবী থেকে শুরু করে মাদক কারবারি ও মাদক সম্রাটদের আইনের আওতায় আনতে পুলিশের প্রচেষ্টা জোরদার থাকবে। মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।
বিট পুলিশিং কার্যক্রম নিয়ে তিনি বলেন, যাদের নিয়ে প্রকৃত অর্থে পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়, তাদের সম্পৃক্ত করেই বিট পুলিশিং করা হবে। ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতিতে এ কার্যক্রম পরিচালিত হবে। বিট পুলিশিংয়ে সাংবাদিকদেরও অংশগ্রহণ থাকবে।
যানজট নিরসনের বিষয়ে পুলিশ সুপার বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি পুলিশের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।