— বিজ্ঞাপন —

কুমিল্লার বিবির বাজার নৌবন্দরের সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া পুনরায় শুরু

কুমিল্লার বিবির বাজারে গোমতী নদীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ পুনরায় শুরু করেছে বিআইডব্লিউটিএ।
প্রতীকী চিত্র: কুমিল্লার বিবির বাজার নৌবন্দরের সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া পুনরায় শুরু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন

কুমিল্লার বিবির বাজারে গোমতী নদীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ পুনরায় শুরু হয়েছে। ২০২০ সালে প্রাথমিক সমীক্ষার কাজ মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নতুন করে এ উদ্যোগ নেয়। নৌপথ সচল ও নৌবন্দর চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা গোমতী নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি দাউদকান্দিতে গোমতী নদীর শেষ প্রান্ত থেকে শুরু করে ভারত-বাংলাদেশ প্রবেশমুখ আদর্শ সদর উপজেলার বিবির বাজার পর্যন্ত নৌপথ ঘুরে দেখেন। পরিদর্শনকালে কর্মকর্তারা নদীর নাব্য পরিস্থিতি এবং নদীর ওপর নির্মিত রেল সেতু ও আঞ্চলিক সড়কের সেতুগুলোর অবকাঠামো পর্যবেক্ষণ করেন। নৌপথ সচল করতে এসব সেতুর উচ্চতা ও অবকাঠামোগত দুর্বলতা সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকেদের সঙ্গে কথা বলেন। মুহিদুল ইসলাম জানান, সাধারণ নদীর তুলনায় গোমতী নদীর ঢাল অনেক বেশি থাকায় পানি দ্রুত মেঘনায় চলে যায়। ফলে পানিপ্রবাহ ধরে রাখতে নদীটি আরও গভীর করে খনন করা প্রয়োজন। এছাড়া ভারতের অংশের বাঁধ থেকে নিয়মিত পানি না ছাড়া এবং নদীর ওপর থাকা প্রায় ৩০টি সেতুর কম উচ্চতার বিষয়গুলো নতুন করে বিবেচনার ওপর জোর দেন তিনি।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানান, ২০২০ সালে বাংলাদেশ ও ভারতের যৌথ স্বার্থেই এই প্রকল্প শুরু হয়েছিল। অবকাঠামোগত কিছু জটিলতার কারণে কাজ স্থগিত হলেও প্রকল্পটি বন্ধ হয়ে যায়নি। সরকার নৌপথটি সচল করতে আগ্রহী এবং প্রয়োজনে অবকাঠামো সংস্কার করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ প্রটোকল চুক্তির দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীর এই রুটটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওই বছরের সেপ্টেম্বর মাসে এই পথ দিয়ে ১০ টন সিমেন্ট নিয়ে একটি ট্রায়াল বার্জ ভারতের সোনামুড়ায় যায়। তবে নদীর অন্তত ১৪টি স্থানে নাব্য সংকট এবং বিভিন্ন সেতুর কম উচ্চতার কারণে প্রকল্পটি দীর্ঘদিন আটকে ছিল। সম্প্রতি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উদ্যোগে আবারও এই প্রকল্প সচলের কাজ শুরু হয়েছে। পরিদর্শনের সময় বিআইডব্লিউটিএর সদস্য মো. সাজেদুর রহমান, মো. সাইফুল ইসলাম ও মো. মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗