বাংলাদেশ ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন
সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালানো নয়জন ব্যক্তির একটি দলকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে ভারতের খোসবাড়ি এলাকায় অনুপ্রবেশের উদ্দেশ্যে ওই ব্যক্তিরা জড়ো হলে বিজিবির বাঁশঝাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক সতর্ক অবস্থান নেন। ফলে অনুপ্রবেশের চেষ্টাটি পণ্ড হয়ে যায় এবং তারা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।
শনিবার বেলা ১১টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ পিএসসি। তিনি সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রোধে পরিচালিত সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে সার্চলাইট এবং থার্মাল ড্রোনসহ নানা আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সীমান্তে জনবল বাড়ানোর পাশাপাশি প্রতিটি বিওপি ক্যাম্পের দুই পাশের স্থল ও নৌপথে একযোগে টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠনের সদস্য কিংবা কোনো পলাতক আসামি যাতে কোনোভাবেই অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সম্ভাব্য সব প্রবেশপথ কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। এই লক্ষ্যে সীমান্ত চোরাচালানে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমান্তে ঝুঁকি ও স্পর্শকাতরতা অনুযায়ী এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসব এলাকায় দিন-রাত সার্বক্ষণিক টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করে পুরো এলাকা সার্বিক নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সীমান্ত দিয়ে সব ধরণের অনাকাঙ্ক্ষিত ও অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তসংলগ্ন স্থানীয় বাসিন্দাদের পূর্ণ সহযোগিতা কামনা করেছে বিজিবি। এছাড়া সুন্দরবনের গুরুত্বপূর্ণ কিছু স্থানও চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে নিয়মিত টহলের ব্যবস্থা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরবিজি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ এবং সহকারী অধিনায়ক নুর হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।