শেখ আবির, খুলনা : খুলনার লবণচরা থানা এলাকার ধীন ফাইবারিং সিমেন্ট রোডে এক ব্যবসায়ীর বাড়ির জানালায় দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুপুরের দিকে সংঘটিত এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়ির জানালা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বাড়ির মালিক ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার কারণ এবং সম্ভাব্য পূর্বশত্রুতা সম্পর্কে খোঁজখবর নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত বাড়ির মালিকের সঙ্গে কারও দৃশ্যমান পূর্ববিরোধ বা শত্রুতা ছিল বলে এলাকাবাসীর জানা নেই। তিনি একজন ব্যবসায়ী এবং মোংলা এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
হঠাৎ করে বসতবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গুলিবর্ষণের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
