জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। তিনি বলেন, জনগণ চাইলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না—এই সিদ্ধান্তও আসবে গণভোটের ‘হ্যাঁ’ থেকে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? দেশের ছেলে-মেয়েরা কি ভালো লেখাপড়া করে ভালো চাকরি পাক এটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকুন।
দুর্নীতির উদাহরণ টেনে তিনি বলেন, “একটি বড় ট্যাংকিতে যদি অনেক ছিদ্র থাকে, তাহলে যতই পানি ঢালা হোক, কোনো লাভ হবে না। এই ছিদ্রগুলোর নামই দুর্নীতি। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে একসময় না একসময় পানি আসবেই।” তিনি দাবি করেন, এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধের নির্বাচন, চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।
তিনি তরুণ প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষকে মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের কোনো গুন্ডা-পান্ডা নেই। আমরা কাউকে ভয় দেখাই না। ভালোবাসা দিয়েই মানুষের কাছে আসি। প্রয়োজনে ভোট ভিক্ষা করাও চুরি-দুর্নীতির চেয়ে বেশি সম্মানের।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সহায়তা করছে—কেউ অর্থ দিচ্ছেন, কেউ খাবার, কেউ ভালোবাসা। “মানুষ মনে করে আমি সৎ। আমরা লুকাই না, যা পারি তা খোলাখুলিই বলি। আপনারা যদি মনে করেন আমি আপনাদের ঘরের ছেলে, তাহলে আমার জন্য কাজ করুন,”—বলেন তিনি। সমাবেশ শেষে তিনি এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য দেবিদ্বারবাসীর প্রতি আহ্বান জানান।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।