আন্তর্জাতিক ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের মামলায় সাড়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের কারাগার থেকে পাঠানো বার্তার তীব্র সমালোচনা করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। কারাগারে থেকেও ব্র্যান্ড নিজের অপরাধের বিষয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি এবং তিনি নির্দোষ বলে দাবি করেছেন। এই বক্তব্যকে অত্যন্ত ঘৃণ্য ও অনুশোচনাহীন বলে আখ্যা দেন মিলিব্যান্ড।
রাসেল ব্র্যান্ড বর্তমানে কেমব্রিজশায়ারের এইচএমপি লিটলহে কারাগারে সাজা ভোগ করছেন। ইউটিউবে প্রচার করা তাদের ‘সান্ডে সার্ভিস’ শোতে তার স্ত্রী লরা ব্র্যান্ড রাসেলের পাঠানো একটি বার্তা পাঠ করে শোনান। সেখানে দণ্ডপ্রাপ্ত রাসেল দাবি করেন যে, যেসব অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেগুলোর জন্য তিনি দোষী নন।
পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রাসেল ব্র্যান্ডের অপরাধসমূহ অত্যন্ত জঘন্য ও ভয়াবহ। আজ তার মন্তব্যে কোনো অনুশোচনা না থাকা সত্যিই নিন্দনীয়। ভুক্তভোগীদের প্রতি তার কোনো সহানুভূতি নেই, কেবলই ঘৃণ্য মন্তব্য করা হয়েছে।
লন্ডনের ভিকটিমস কমিশনার আন্দ্রেয়া সাইমন বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে কথা বলার সময় জানান, রাসেলের এমন নির্দোষ দাবি করার বিষয়টি ভুক্তভোগী ও অন্যান্য ধর্ষণের শিকার ব্যক্তিদের পুনরায় মানসিক ট্রমার মধ্যে ফেলবে। বিচার চলাকালীন ভুক্তভোগীরা তুলে ধরেছিলেন যে, কীভাবে রাসেলের দীর্ঘ দুই দশকের অস্বীকার ও সংবাদমাধ্যমের খ্যাতি তাদের কষ্ট বাড়িয়ে দিয়েছিল।
সাইমন বলেন, যদিও বাকস্বাধীনতার কারণে ব্র্যান্ডের মতো সাজাপ্রাপ্ত যৌন অপরাধীরা নিজেদের নির্দোষ দাবি করতে পারেন, তবে মিডিয়া প্ল্যাটফর্মগুলোর নীতিমালার মাধ্যমে এসব বার্তা পৌঁছানোর উপায় নিয়ন্ত্রণ করা উচিত। একই সঙ্গে কারা কর্তৃপক্ষ বা গভর্নরের অনুমতি ছাড়া সাজাপ্রাপ্তদের কোনো সম্প্রচারযোগ্য বার্তা পাঠানোর ক্ষেত্রে কারা বিধিমালা পর্যালোচনার আহ্বান জানান তিনি।
২০১৫ সালে লেবার পার্টির নেতা হিসেবে রাসেলের অনলাইন শোতে অংশ নেওয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, সেই সময় যদি তিনি এসব অভিযোগের বিষয়ে জানতেন, তবে কখনই সাক্ষাৎকার দিতেন না। ভুক্তভোগীদের প্রতি তার পূর্ণ সহানুভূতি রয়েছে এবং সবার তাদের কথা শোনা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সপ্তাহান্তে রাসেল ব্র্যান্ডকে দক্ষিণ লন্ডনের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ থেকে কেমব্রিজশায়ারের লিটলহে কারাগারে স্থানান্তর করা হয়েছে। এটি মূলত যৌন অপরাধীদের জন্য নির্ধারিত একটি ক্যাটাগরি সি কারাগার, যেখানে তাদের জন্য বিশেষ সংশোধনমূলক কর্মসূচি রয়েছে। পডকাস্টে তার স্ত্রী জানান, রাসেলের সঙ্গে তার কথা হয়েছে এবং সে ভালো আছে ও প্রার্থনা করছে।
এদিকে, রাসেলকে কম নিরাপত্তার কারাগারে স্থানান্তর করা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের কথা স্বীকার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্টিফেন ডাউটি। এলবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ চায় ব্র্যান্ড নারী ও অন্যদের বিরুদ্ধে করা এই ভয়াবহ অপরাধের উপযুক্ত শাস্তি ভোগ করুক। পুরো ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।