চাঁদাবাজির বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধ: আসছে ‘চাঁদাবাজ ডটকম’ ও জাতীয় হটলাইন
সারাদেশে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও দুর্নীতির লাগাম টানতে ব্যতিক্রমী এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং একটি জাতীয় হটলাইন চালুর কথা জানিয়েছেন তিনি, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে দেওয়া তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরউদ্দীন পাটোয়ারী।
ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, একটি বিশেষ ডেটাবেজ তৈরি করা হচ্ছে, যেখানে নাগরিকরা নথিপত্র ও প্রমাণের ভিত্তিতে বিভিন্ন এলাকার সক্রিয় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ জমা দিতে পারবেন। তিনি আশ্বস্ত করেন, অভিযোগকারীদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, যাতে তারা কোনো ধরনের হয়রানি বা ভয় ছাড়াই তথ্য দিতে পারেন।
নাসিরউদ্দীন পাটোয়ারীর ভাষায়, পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে সেগুলো উপস্থাপন করা হবে এবং রাজনৈতিকভাবে তাদের বয়কট করা হবে। তিনি বলেন, “আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের মুখের ওপর গিয়ে বলবো—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।”
তিনি আরও জানান, খুব শিগগিরই এই ওয়েবসাইট ও জাতীয় হটলাইন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে চাঁদাবাজির বিরুদ্ধে সংগঠিত করা। বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের ওপর চলমান চাঁদাবাজির চাপ কমাতে এই ডিজিটাল প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
নাসিরউদ্দীন পাটোয়ারীর এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ালেও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে সাহসী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন।
তবে ঢাকা-৮ আসনের এই প্রার্থী মনে করেন, শুধু মৌখিক প্রতিবাদে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। প্রমাণভিত্তিক ব্যবস্থা নিলে অপরাধীরা কোণঠাসা হবে। নির্বাচনে জয়ী হোন বা না হোন, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সেবা চালু ও সচল রাখার অঙ্গীকারও করেছেন তিনি।
প্রযুক্তি ও জনসচেতনতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথে ‘চাঁদাবাজ ডটকম’ একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে—এমন বিশ্বাসই প্রকাশ করেছেন নাসিরউদ্দীন পাটোয়ারী।
