
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায়, নানা নাটকীয়তা, জল্পনা-কল্পনা ও বিরোধপূর্ণ পরিবেশ পেরিয়ে অবশেষে চুন্টা ইউনিয়নে সম্পন্ন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসমাবেশ। শনিবার বিকেলে চুন্টা ইউনিয়নের স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
এই সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চুন্টা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে চলছিল অভ্যন্তরীণ টানাপড়েন। অভিযোগ ছিল, স্থানীয় ত্যাগী ও পদধারী নেতাদের উপেক্ষা করে কেন্দ্রীয় নেতৃত্বের সমাবেশ আয়োজন করা হয়েছে। এরই প্রতিবাদে গত দু’দিনে ইউনিয়নের একাংশ নেতাকর্মী কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
তবে সকল প্রতিবাদ ও প্রতিহতের হুমকি ব্যর্থ করে শনিবারের সমাবেশে জনতার ঢল নামে। চুন্টার বিভিন্ন ওয়ার্ডসহ পাশ্ববর্তী ইউনিয়ন থেকেও বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতি ঘিরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে স্লোগানে।
দু’পক্ষের মধ্যে বিরাজমান উত্তেজনার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সমাবেশস্থল ও তার আশপাশে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে।
বক্তৃতায় রুমিন ফারহানা বলেন, “এই সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই এখন সময় এসেছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার।” তিনি ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরেন এবং গণআন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
