জমিদারি প্রথার রাজনীতি ভেঙে রিকশাচালকের সন্তানকেও প্রধানমন্ত্রী করা হবে: নওগাঁয় ডা. শফিকুর রহমান

লেখক: Sanjida
প্রকাশ: ২ মাস আগে
জমিদারি প্রথার রাজনীতি ভেঙে রিকশাচালকের সন্তানকেও প্রধানমন্ত্রী করা হবে: নওগাঁয় ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, জামায়াত ক্ষমতায় গেলে দেশে বিদ্যমান বংশপরম্পরার জমিদারি রাজনীতি বিলুপ্ত করা হবে এবং একজন সাধারণ রিকশাচালকের মেধাবী সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, জামায়াত কোনোভাবেই চাঁদাবাজি, দুর্নীতি ও ব্যাংক ডাকাতিকে প্রশ্রয় দেবে না। যারা অতীতে ব্যাংক লুট করেছে এবং দেশের টাকা বিদেশে পাচার করেছে, ক্ষমতা পরিবর্তনের পর তাদের পেট থেকে সব টাকা বের করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। একই সাথে মামলা-বাণিজ্যের সাথে জড়িতদেরও কঠোর আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।

জনসভায় ডা. শফিকুর রহমান বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার করে বলেন, দেশে কোনো মেজরিটি বা মাইনোরিটি বিভেদ রাখা হবে না; বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও সাঁওতালসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।

নারীদের মর্যাদা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঘরে, পথে এবং কর্মস্থলে নারীদের জন্য এমন নিরাপদ পরিবেশ তৈরি করা হবে যেন কোনো জালিম তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়।

এছাড়া নওগাঁকে কৃষির রাজধানী উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, ক্ষমতায় গেলে নওগাঁর প্রধান সড়ক চার লেনে উন্নীত করা হবে এবং কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে হিমাগার ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে। নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবের সভাপতিত্বে এই সভায় স্থানীয় অন্যান্য সংসদীয় আসনের প্রার্থীরাও বক্তব্য রাখেন।

  • জমিদারি প্রথার রাজনীতি ভেঙে রিকশাচালকের সন্তানকেও প্রধানমন্ত্রী করা হবে: নওগাঁয় ডা. শফিকুর রহমান