নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়াঃ মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে আবৃত্তি বিভাগে জাতীয় পর্যায়ের সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অর্পা মিত্র ভৌমিক। এই অর্জনের মধ্য দিয়ে সে প্রতিযোগিতার টিভি রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
অর্পা ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার এই সাফল্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে।
সরাইল উপজেলার মলাইশ গ্রামের ইন্দ্র বিকাশ ভৌমিক ও রাখি মিত্রের মেয়ে অর্পা মিত্র ভৌমিক ছোটবেলা থেকেই আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। নিয়মিত চর্চা ও বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ইতোমধ্যে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে সে।
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার জেলা পর্যায়ে আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা, উভয় বিভাগেই প্রথম স্থান অর্জন করে অর্পা। এরপর আঞ্চলিক পর্যায়ে আবৃত্তিতে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পায়। দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে প্রথমে সেরা ১০-এ এবং পরে সেরা পাঁচে নিজের অবস্থান নিশ্চিত করে সে। এর মধ্য দিয়েই টিভি রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ অর্জন করেছে অর্পা।
এটাই অবশ্য অর্পার প্রথম বড় সাফল্য নয়। আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তার অর্জনের তালিকা বেশ দীর্ঘ।
২০২৩ সালে জাতীয় শিশু সপ্তাহের ছড়া গান প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ নেয় অর্পা। ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের আবৃত্তি প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে সে। ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ের আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে অর্পা।
দেশের গণ্ডি পেরিয়েও নিজের আবৃত্তি প্রতিভার পরিচয় দিয়েছে এই কিশোরী। ২০২৪ সালে ভারতের আগরতলায় কাব্যায়ন আয়োজিত ‘সাঁঝবেলার শ্রুতিকল্প’ শীর্ষক দুই দিনব্যাপী আবৃত্তি উৎসবে তিতাস আবৃত্তি সংগঠনের হয়ে অংশগ্রহণ করে সে।
মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও বেতারেও কাজের অভিজ্ঞতা রয়েছে অর্পার। বিভিন্ন সময়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও এটিএন নিউজের বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানে অংশ নিয়েছে সে।
শুধু আবৃত্তিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি অর্পা। বিতর্কচর্চাতেও সমানভাবে সক্রিয় সে। মডেল বিতর্ক ক্লাবের নিয়মিত বিতার্কিক হিসেবে যুক্ত থেকে নিজের যুক্তি, বাচনভঙ্গি ও উপস্থাপনার দক্ষতা শাণিত করছে।
আবৃত্তি, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অর্পা মিত্র ভৌমিকের ধারাবাহিক সাফল্য তার মেধা, নিষ্ঠা ও নিয়মিত চর্চারই প্রতিফলন। এবার জাতীয় পর্যায়ে সেরা পাঁচে জায়গা করে টিভি রাউন্ডে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তার অর্জনের মুকুটে যুক্ত হলো নতুন পালক।
ব্রাহ্মণবাড়িয়ার এই প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভার সামনে এখন নতুন চ্যালেঞ্জ টিভি রাউন্ড। সেখানে নিজের কণ্ঠ, আবৃত্তিশৈলী ও উপস্থাপনার মাধ্যমে আরও বড় সাফল্যের স্বাক্ষর রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে অর্পা মিত্র ভৌমিক।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।