আন্তর্জাতিক ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
জার্মানির শ্রম বাজারের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছেন দেশটির ফেডারেল লেবার এজেন্সির প্রধান আন্দ্রেয়া নাহলেস। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী ১৫ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে জার্মানির প্রায় ৮ লাখ কর্মসংস্থান বিলুপ্ত হতে পারে। তবে একই সময়ে এআই প্রযুক্তির হাত ধরে প্রায় সমপরিমাণ নতুন কর্মসংস্থানও তৈরি হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।
জার্মান ব্যবসায়িক পত্রিকা ‘হানডেলসব্লাট’-কে দেওয়া সাক্ষাৎকারে নাহলেস উল্লেখ করেন, প্রযুক্তিগত এই পরিবর্তনের ফলে কিছু খাত অন্যদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান কর্পোরেট সেবা প্রদান করে, এবং ব্যাংক ও বিমা খাতের বিশ্লেষণাত্মক পদগুলোতে এআই-এর বড় ধরনের প্রভাব পড়বে।
তবে শ্রম বাজারের বর্তমান সব সংকটের পেছনে কেবল কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়ী করা ঠিক নয় বলে মনে করেন নাহলেস। তার মতে, জার্মানির বর্তমান দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিও এর অন্যতম কারণ। অন্যদিকে যেসব পেশায় মানুষের সরাসরি শারীরিক শ্রম ও কারিগরি দক্ষতার প্রয়োজন বেশি, যেমন হস্তশিল্প বা ম্যানুয়াল কাজের ক্ষেত্রগুলো এখনও বেশ স্থিতিশীল রয়েছে।
নাহলেস ব্যাখ্যা করেন, হস্তশিল্প বা নির্দিষ্ট কিছু পেশায় কাজ এখনও মানুষ দিয়েই সম্পন্ন করা হয়। এমনকি আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা বিশেষ দক্ষতা না থাকা কর্মীদের জন্যও কর্মসংস্থানের সুযোগ থাকছে, কারণ অনেক ক্ষেত্রে তাদের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা আর্থিক দিক থেকে সাশ্রয়ী নয়। তবে উচ্চশিক্ষিতদের ওপরই সব চাপ পড়ছে এমন ধারণাকেও তিনি খারিজ করে দেন এবং বলেন, নীতিগতভাবে এই প্রযুক্তির প্রভাব থেকে এখন আর কেউই পুরোপুরি বাইরে নয়।
জার্মানির বর্তমান বেকারত্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্দ্রেয়া নাহলেস। ২০২২ সাল থেকে দেশটিতে বেকার মানুষের সংখ্যা প্রায় ৫ লাখ ৮০ হাজার বেড়েছে, যা আগের তুলনায় ২৪ শতাংশ বেশি। তবে নাহলেসের মতে, আগামী পাঁচ বছর পর জার্মানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দক্ষ শ্রমিকের চরম সংকট।
তিনি জানান, বর্তমানে জার্মানিতে যে পরিমাণ দক্ষ শ্রমিক আগমন করছেন তা প্রয়োজনের তুলনায় খুবই কম, বিপরীতে দেশ ছাড়ছেন অনেকে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের দক্ষ কর্মীরা নিজ অঞ্চল বা অন্য কোথাও উন্নত কর্মপরিবেশ ও জীবনযাত্রার সুযোগ পাওয়ায় জার্মানি ছেড়ে চলে যাচ্ছেন।
জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার কারণে জার্মানিতে প্রতি বছর নিট শ্রমশক্তির সংখ্যা প্রায় ৫ লাখ কমে যাচ্ছে। একই সাথে বর্তমানে নিট অভিবাসনের হার বছরের পর বছর ধরে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় নাহলেস ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে দক্ষ শ্রমিক আকৃষ্ট করার জোর তাগিদ দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি অনুযায়ী একটি ‘ওয়ার্ক অ্যান্ড রেসিডেন্স সার্ভিস এজেন্সি’ প্রতিষ্ঠার আহ্বান জানান এবং দেশটির প্রশাসনিক ব্যবস্থাকে আরও আধুনিক, ডিজিটাল ও কার্যকর করার পরামর্শ দেন।
চাকরি হারানোর আশঙ্কা সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন নাহলেস। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই বিনিয়োগ হতে হবে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে, কেবল একটি জনপ্রিয় ট্রেন্ড বা ফ্যাশন হিসেবে অন্ধভাবে এআই অনুসরণের জন্য নয়।
সূত্র: DW Chinese

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।