
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করলে ঢাকার প্রধান সড়কগুলোতে কার্যত অচলাবস্থা তৈরি হয়।
একই সময় মিরপুরের টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও শিক্ষার্থীদের জড়ো হওয়ার খবর পাওয়া যায়। এর ফলে মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাফওয়ান আহমেদ বলেন, “আমাদের একটাই দাবি—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারি মাসেই অধ্যাদেশ জারির আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনো কিছুই হয়নি। আমরা আর সময় দিতে চাই না।”
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী তসিফ হাসানও একই সুরে বলেন, “আমাদের দাবি স্পষ্ট। আর কোনো আশ্বাস নয়—দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে।”
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। প্রায় ১২টা ৪০ মিনিটে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। বিক্ষোভে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ এবং ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’—এমন নানা স্লোগান দেন।
শিক্ষার্থীদের অবরোধে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ফার্মগেট থেকে সায়দাবাদগামী যাত্রী আসিফ সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যার যেখানে ইচ্ছা সড়ক বন্ধ করে দিচ্ছে। মানুষ অতিষ্ঠ। সরকারের কাছে অনুরোধ, দ্রুত ভোগান্তি লাঘবে উদ্যোগ নিন।”
অবরোধের কারণে আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত মিরপুর সড়কে দিনভর তীব্র যানজট দেখা দেয়। মিরপুর-১, ২ ও ১০ নম্বর এলাকাতেও যান চলাচল ব্যাহত হয়। অনেক যাত্রী গণপরিবহন না পেয়ে হেঁটেই গন্তব্যে যেতে বাধ্য হন।
এর আগের দিন বুধবারও সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই দিনে সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করলে রাজধানীর অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজকে ঘিরে সংকট তৈরি হয়। সেই সংকট নিরসনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ এখনো কাটেনি। দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি না হলে আন্দোলন আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষার্থীরা।
