বিনোদন ডেস্ক: ১৭ নভেম্বর ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
হলিউডের বহুল চর্চিত জেমস বন্ড সিরিজের পরবর্তী নতুন মুখ হিসেবে নিশ্চিত করা হয়েছে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। ড্যানিয়েল ক্রেগের জায়গায় ঐতিহাসিক ০-০-৭ চরিত্রে অভিনয় করবেন তিনি। অ্যামাজন এমজিএম স্টুডিওস সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেয়, যেখানে প্যাটিনসনকে বন্ড হিসেবে একটি ছবিতে তুলে ধরা হয়।
৪০ বছর বয়সী প্যাটিনসন সিনেমার ইতিহাসে পর্দায় জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা হতে যাচ্ছেন। বন্ড সিরিজের ২৬তম এই চলচ্চিত্রটি ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘নো টাইম টু ডাই’। ফলে দুটি চলচ্চিত্রের মধ্যে সাত বছরের ব্যবধান তৈরি হচ্ছে, যা এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দীর্ঘতম বিরতি।
লন্ডনে জন্মগ্রহণকারী এই অভিনেতা এক বিবৃতিতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জেমস বন্ড সিনেমার অন্যতম সেরা একটি চরিত্র এবং এই ০-০-৭ চরিত্রে অভিনয় করার দায়িত্ব পাওয়া তার জীবনের জন্য এক বিরাট সম্মান। এমন একটি চরিত্রে সুযোগ পাওয়া তার জন্য স্বপ্নের চেয়েও বড় কিছু বলে তিনি উল্লেখ করেন।
নতুন এই বন্ড ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনোভ এবং চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। তবে ছবিটির নাম ও মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিচালক ভিলনোভ এক বিবৃতিতে জানান, প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তার মতে, প্যাটিনসনের মধ্যে বন্ডের চিরন্তন আত্মা ও একটি সম্পূর্ণ নতুন মানসিকতা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাকিংহাম প্যালেসও এই ঘোষণাকে স্বাগত জানিয়ে রবার্ট প্যাটিনসনকে শুভেচ্ছা জানিয়েছে। এ ছাড়া ১৯৬৯ সালের ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করা অস্ট্রেলিয়ান অভিনেতা জর্জ লাজেনবিও সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে প্যাটিনসনকে স্বাগত জানান।
বার্ন কনরিস, জর্জ লাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন হতে যাচ্ছেন সপ্তম অফিশিয়াল জেমস বন্ড। এর আগে ড্যানিয়েল ক্রেগ ২০০৬ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ থেকে শুরু করে মোট পাঁচটি ছবিতে ১৬ বছর ধরে কাল্পনিক স্পাই চরিত্রটিতে অভিনয় করেছেন।
রবার্ট প্যাটিনসন ২০০৫ সালে ‘হ্যারিপটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এ সেড্রিক ডিগোরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরবর্তীতে তিনি ‘টুয়াইলাইট’ সিরিজ, ‘দ্য ব্যাটম্যান’ এবং ‘টেন্যাট’-এর মতো বড় বাজেটের পাশাপাশি বিভিন্ন স্বাধীন চলচ্চিত্র ও আর্টহাউস চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন।
উল্লেখ্য, নতুন এই চলচ্চিত্রটি জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন যুগের সূচনা করছে। ২০২১ সালে অ্যামাজন ৮.৫ বিলিয়ন ডলারে এমজিএম কিনে নেওয়ার পর গত বছর দীর্ঘদিনের বন্ড প্রযোজক বারবারা ব্রোকলি এবং মাইকেল জি উইলসন সৃজনশীল নিয়ন্ত্রণ অ্যামাজন এমজিএমের হাতে হস্তান্তর করেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।