— বিজ্ঞাপন —

ঢাকায় ফরাসি ও বাংলা অপেরার সুরের অপূর্ব সম্মিলন

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হলো 'ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা'। ফরাসি ও আন্তর্জাতিক সুরের সঙ্গে বাংলা অপেরা সুরের মেলবন্ধন উপভোগ করেন দর্শকেরা।
ঢাকায় ফরাসি ও বাংলা অপেরার সুরের অপূর্ব সম্মিলন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিনোদন ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে ফরাসি অপেরা সংগীতের সঙ্গে বাংলা অপেরা সুরের চমৎকার সমন্বয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সংগীতানুষ্ঠান। ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’ শীর্ষক এই অনুষ্ঠানটি সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজিত হয়। ফ্রান্স দূতাবাসের বিশেষ আমন্ত্রণে ঢাকায় আসা ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইন এবং পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে এতে সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও আয়োজক কমিটির পৃষ্ঠপোষক জ্যঁ-মার্ক সেরে-শারলে। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বক্তব্যে তাঁরা বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত আলোচনার পরপরই শুরু হয় মূল অপেরা পরিবেশনা। শিল্পী ভেরোনিক পেইনের অপেরাধর্মী কণ্ঠের সঙ্গে চমৎকার পিয়ানো বাজিয়ে সুরের জাদু ছড়ান ফ্যাব্রিস মেইত্রে। বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি অপেরার এমন একটি আয়োজনের অংশ হতে পেরে দুই ফরাসি শিল্পী নিজেদের আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তাঁদের সুর ও গায়কীতে ফরাসি অপেরার ঐতিহ্য, বৈচিত্র্য এবং নান্দনিকতা চমৎকারভাবে ফুটে ওঠে।

পুরো সংগীত অনুষ্ঠানকে ফরাসি, আমেরিকান ও ইতালীয়—এই প্রধান তিনটি ধারায় সাজানো হয়েছিল। ফরাসি পর্বে জনপ্রিয় অপেরা ‘কারমেন’ ও ‘লা বেল হেলেন’-এর অংশ পরিবেশিত হয়। আমেরিকান পর্বে শোনানো হয় ‘পর্গি অ্যান্ড বেস’, ‘ক্যান্ডিড’ ও ‘মাই ফেয়ার লেডি’র মতো মিউজিক্যালের গান। এ ছাড়া ইতালীয় পর্বে স্থান পায় বিশ্ববিখ্যাত ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’ অপেরার বিভিন্ন সুর। এই ধারাসমূহের পাশাপাশি যুক্ত করা হয় বাংলা অপেরা সুর ও সংগীতের পরিবেশনা, যেখানে প্রেম, বিরহ, পুরাণ ও সমাজজীবনের নানা গল্প উঠে আসে।

পরিবেশনার বেশির ভাগ গানে কণ্ঠ দেন ভেরোনিক পেইন। ফাঁকে ফাঁকে পিয়ানোতে একক সুর তোলার পাশাপাশি গান শোনান ফ্যাব্রিস মেইত্রে। যদিও মূল পরিবেশনার কয়েকটি অপেরা ফরাসি ভাষায় ছিল, তথাপি পরিবেশনার প্রতিটি পর্বের আগে শিল্পীরা ইংরেজিতে গীতি-কাহিনি, চরিত্র ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। ফলে উপস্থিত দর্শকেরা সহজেই অপেরার ভাবমর্ম ও নাটকীয় আবেগ উপলব্ধি করতে পেরেছেন।

আয়োজকেরা জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ফরাসি দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড। বাংলাদেশ ও ফ্রান্স—দুই দেশের সংগীত ঐতিহ্য ও সাংস্কৃতিক আদান-প্রদানকে একই মঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

সংগীতানুষ্ঠানের আবেগঘন শেষ পর্বে ফরাসি দুই শিল্পীকে সাথে নিয়ে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। ওই সময় মিলনায়তনে উপস্থিত সব দর্শক-শ্রোতা দাঁড়িয়ে শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গান।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗