তনু হত্যা মামলায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষায় মিলল চার পুরুষের অস্তিত্ব

তনু হত্যা মামলায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষায় মিলল চার পুরুষের অস্তিত্ব
তনু হত্যা মামলায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষায় মিলল চার পুরুষের অস্তিত্ব
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় চারজন পুরুষের অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১৭ মে) রাতে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই সদর দফতরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সিআইডির পাঠানো প্রতিবেদনে তনুর পোশাকে তিনজন পুরুষের শুক্রাণু এবং আরও একজনের রক্তের নমুনা পাওয়া গেছে। বিষয়টি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তরিকুল ইসলাম বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরদিন সকালে সেনানিবাসের পাওয়ার হাউজ সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে ডিবি ও সিআইডি তদন্ত করলেও দীর্ঘ সময় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটির তদন্তভার পিবিআই সদর দফতরে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার তদন্ত করছেন পরিদর্শক তরিকুল ইসলাম।

এদিকে, চলতি বছরের ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পিবিআই। পরদিন আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পিবিআই জানিয়েছে, হাফিজুর রহমানের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে এবং তা তনুর পোশাক থেকে পাওয়া আলামতের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। তবে এখনো সেই পরীক্ষার চূড়ান্ত ফল পাওয়া যায়নি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ