আন্তর্জাতিক ডেস্ক: ২ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন
দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তে আফগান এলাকা থেকে পাকিস্তানি সীমান্ত চৌকি লক্ষ্য করে বিনা উসকানিতে গোলাবর্ষণ করা হয়েছে। এর জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গোলার মুখে আফগান তালেবান সদস্যরা তাদের সীমান্ত চৌকি ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী প্রতিপক্ষের এই পদক্ষেপের দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে।
পাল্টা সামরিক অভিযানে পাকিস্তান সেনাবাহিনী আফগান তালেবানের একাধিক সীমান্ত পোস্ট, মরটার পজিশন এবং প্রতিরক্ষা চৌকি লক্ষ্য করে হামলা চালায়। তীব্র আক্রমণের মুখে তালেবান সদস্যরা তাদের অবস্থান ছেড়ে সরে যেতে বাধ্য হয়।
ডেপুটি কমিশনারের কার্যালয় আরও জানিয়েছে যে, এই সীমান্ত সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সীমান্ত এলাকার পরিস্থিতি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, যেকোনো ধরনের আগ্রাসনের তাৎক্ষণিক ও উপযুক্ত জবাব দিতে পাকিস্তানি বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: urdu news

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।