ওমানে বসবাসরত প্রবাসী কর্মীদের সার্ভিস শেষে প্রাপ্য সুবিধা বা গ্র্যাচুইটি ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বিদ্যমান গ্র্যাচুইটি ব্যবস্থা বিলুপ্ত করে প্রবাসী কর্মীদের জন্য একটি নতুন প্রভিডেন্ট ফান্ড স্কিম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে এই তথ্য জানা গেছে।
ঘোষণা অনুযায়ী, এই নতুন প্রভিডেন্ট ফান্ড স্কিমটি ২০২৭ সালের ১৯ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। নতুন নীতিমালার অধীনে দেশের সব প্রতিষ্ঠান ও কোম্পানিকে তাদের প্রবাসী কর্মীদের মৌলিক বেতনের ৯ শতাংশ প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে বাধ্য করা হয়েছে।
নতুন প্রভিডেন্ট ফান্ড চালু হওয়ার পর থেকে এটি নির্দিষ্ট মেয়াদের শেষ গ্র্যাচুইটি সুবিধার স্থলাভিষিক্ত হবে। এতে কর্মীদের জমা হওয়া অর্থ এবং তার ওপর অর্জিত মুনাফা সোশ্যাল প্রোটেকশন আইনের নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিশোধ করা হবে।
নতুন এই আইন কার্যকর হওয়ার পূর্ববর্তী সময়ের গ্র্যাচুইটি পরিশোধের বিষয়ে ওমান কর্তৃপক্ষ নিয়োগকর্তাদের জন্য তিনটি বিকল্প উপায় নির্ধারণ করে দিয়েছে। নিয়োগকর্তারা নিজেদের সুবিধা অনুযায়ী যেকোনো একটি প্রক্রিয়া বেছে নিতে পারবেন।
প্রথম সুবিধা অনুযায়ী, নিয়োগকর্তা পূর্ববর্তী মেয়াদের গ্র্যাচুইটি নিজের কাছেই সংরক্ষণ করতে পারবেন এবং চাকরি শেষে শ্রম আইন অনুযায়ী তৎকালীন মূল বেতনের ভিত্তিতে তা কর্মী বা কর্মচারীকে পরিশোধ করবেন।
দ্বিতীয়ত, নিয়োগকর্তা চাইলে কর্মীদের আগের পাওনা গ্র্যাচুইটির পুরো অর্থ সরাসরি সোশ্যাল প্রোটেকশন ফান্ডে কর্মচারীর নিজ নামে জমা করে দিতে পারবেন।
তৃতীয় বিকল্পটি হলো, স্কিমটি চালুর সময়েই নিয়োগকর্তা পূর্ববর্তী মেয়াদের গ্র্যাচুইটির সমুদয় অর্থ সরাসরি প্রবাসী কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদান করতে পারবেন। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ওমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।